রোজদিন ডেস্ক : ফের অগ্নিকাণ্ড কলকাতা শহরে। মিন্টো পার্কের কাছে বেকবাগানে একটি বহুতলে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ।
শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বেকবাগানের কাছেই অবস্থিত ওই বহুতলের উপরে থাকা এসি-র আউটডোরগুলি দাউদাউ করে জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় ওই এলাকায়। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণ পরই দমকল এসে পৌঁছায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। আগুন নেভাতে পাশের একটি বহুতলে উঠে পড়েছেন দমকল কর্মীরা। সেখান থেকে হোস পাইপে করে জল দেওয়া হয় আগুন নেভানোর জন্য।
এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতলে যাঁরা ছিলেন, তাঁদের বের করে আনার কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি স্তব্ধ হয়ে যায় এজেসি বোস রোড। আগুন লাগার কারণে যানজট হয় ওই রাস্তায়। কারণ, কলকাতা শহরের অন্যতম ব্যস্ত রাস্তা এজেসি বোস রোড। বহু গাড়িকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে যানজট সরানোর কাজ করে ট্রাফিক পুলিশ।
কীভাবে লাগল আগুন, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়। তবে দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে অনুমান করা হচ্ছে। কারণ, প্রথমে আগুন ছড়াতে দেখা যায়। আপাতত দমকলের কর্মীরা আগুন নেভানোর দিকেই নজর দিয়েছে। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি পরে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে দমকলের সূত্র থেকে।

Be the first to comment