আদর্শ মাতৃত্ব থেকে নারী জাগরণ, স্বামী প্রণবানন্দ মাতৃ সম্মেলনে নারী ক্ষমতায়নে গুরুত্ব 

Spread the love

নারী জাগরণ, পারিবারিক মূল্যবোধ, আত্মনির্ভরতা এবং নৈতিক সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত হল স্বামী প্রণবানন্দ মাতৃ সম্মেলন। রবিবার সকালে বালিগঞ্জের ঐতিহ্যবাহী রাজা শ্রীনাথ সভাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয় মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে।

যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের আদর্শ ও তাঁর প্রদর্শিত পথকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে নারী সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী অন্বেষানন্দজি মহারাজ, সন্ন্যাসিনী মা তেজময়ী, সন্ন্যাসিনী মা আত্মস্থানন্দময়ী এবং সন্ন্যাসিনী মা বেদপ্রাণা।

চিকিৎসক রনিতা রায় এবং সুলতা মণ্ডল নারী জাগরণের উপর আলোচনায় অংশ নেন।

সম্মেলনে আদর্শ মাতৃত্বের মাধ্যমে সমাজ গঠন, পারিবারিক বন্ধনে আধ্যাত্মিক চেতনার ভূমিকা, সমকালীন সমাজে নারীর আত্মমর্যাদা ও স্বাধিকারের জাগরণ, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, মানসিক শান্তি এবং নৈতিক মূল্যবোধে মায়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ বলেন, “নারীশক্তির জাগরণ শুধু নারীর ব্যক্তিগত উন্নতির বিষয় নয়, এর সঙ্গে পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে। মূল্যবোধ, আত্মনির্ভরতা ও নৈতিক চেতনার মাধ্যমে মায়েরাই সমাজকে সুস্থ পথে এগিয়ে নিয়ে যেতে পারেন।”

সম্মেলনে বক্তারা বলেন, পরিবার ও সমাজে নারীর ভূমিকা আরও শক্তিশালী করার পাশাপাশি তাঁদের আত্মনির্ভরতা, শিক্ষা ও মানসিক সুস্থতার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শ অনুসরণ করে নারী সমাজকে আত্মশক্তিতে জাগ্রত করার আহ্বানও উঠে আসে অনুষ্ঠানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*