পিয়ালী: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই প্রথমে মনে পড়ে চাষাপাড়ার ঐতিহ্যবাহী বুড়িমার কথা। আড়াইশো বছরেরও বেশি প্রাচীন এই পুজোকে ঘিরে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরবাসীর আবেগ, বিশ্বাস ও ঐতিহ্য। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় বুড়িমাকে দর্শন করতে ভক্তদের ঢল নামে। শুধু নদিয়া বা গোটা বাংলা নয়, ভিন্ রাজ্য থেকেও অসংখ্য পুণ্যার্থী ছুটে আসেন মায়ের কাছে। ভক্তদের অগাধ বিশ্বাস, বুড়িমা কারও মনোবাঞ্ছা অপূর্ণ রাখেন না। তাই মায়ের কাছে মানত করেন অনেকে। মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা শাড়ি, সোনা ও রুপোর অলঙ্কার নিবেদন করেন দেবীর চরণে।
তবে পুজোর কয়েকটি দিন বাদ দিলে বছরের বাকি সময় মন্দিরে এসে মায়ের দর্শন পেলেও প্রতিমা বিসর্জনের পর শূন্য বেদিতেই প্রণাম জানাতে হত ভক্তদের। বিশেষ করে যাঁরা পুজোর সময় বিপুল ভিড়ের কারণে মায়ের দর্শন করতে পারেন না, তাঁদের জন্য সারা বছর পুজো দেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন পুজোর আয়োজকেরা।

সেই উদ্যোগেই এ বার চাষাপাড়ার বুড়িমার মন্দিরে প্রতিষ্ঠা করা হচ্ছে দেবীর চরণযুগল। কৃষ্ণনগরের শিল্পী সঞ্জয় সরকারের হাতে তৈরি হয়েছে এই বিশেষ চরণযুগল। অষ্টধাতু দিয়ে নির্মিত চরণ দুটির ওজন আনুমানিক ২০ কেজি। আলতায় রাঙানো চরণযুগলের উপরে রয়েছে এক জোড়া প্রস্ফুটিত পদ্ম। কাঁসার একটি বৃহৎ থালার উপর স্থাপন করা হয়েছে চরণ দুটি। প্রায় তিন মাস ধরে শিল্পী সঞ্জয় সরকার এই নির্মাণকাজ সম্পন্ন করেছেন।
আগামী ১৮ নভেম্বর, জগদ্ধাত্রী পুজোর দিন মন্দিরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হবে বুড়িমার এই চরণযুগল। এর পর থেকে সারা বছর সকাল ও সন্ধ্যায় দু’বেলা নিয়মিত পুজো হবে মায়ের চরণে। ভক্তরাও সারা বছর মন্দিরে এসে পুজো দিতে পারবেন, চরণ স্পর্শ করে প্রণাম জানিয়ে নিতে পারবেন মায়ের আশীর্বাদ।
প্রতি বছর জগদ্ধাত্রী পুজো শেষে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মায়ের বিদায়ের মুহূর্ত আসে। কিন্তু ভক্তদের কাছে বুড়িমার টান তো আর কয়েক দিনের নয়, সারা বছরের। সেই আবেগ ও বিশ্বাসকে মর্যাদা দিতেই এই বিশেষ উদ্যোগ। চরণযুগল প্রতিষ্ঠার মধ্য দিয়ে চাষাপাড়ার বুড়িমার মন্দিরে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। আয়োজকদের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি কৃষ্ণনগরবাসী থেকে শুরু করে দূরদূরান্তের অসংখ্য বুড়িমা-ভক্ত।

Be the first to comment