প্রতিবেদন: বাজারে ছেঁড়া, ফাটা কাগজের নোট নিয়ে নিত্য অশান্তিতে জেরবার আম জনতা। সেই সমস্যার স্থায়ী সমাধানের পথে একধাপ এগোল দেশ। কাগজের নোটের স্থায়ী ও টেকসই বিকল্পের খোঁজে রিজার্ভ ব্যাঙ্ক এবার দেশে চালু করতে চলেছে পলিমার বা প্লাস্টিকের নোট। সম্প্রতি আরবিআই-এর পাঠানো একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ১০ এবং ২০ টাকার নোট। প্রাথমিক ভাবে, আরবিআই-কে ১০ ও ২০ টাকার মোট ১০০ কোটি প্লাস্টিকের ব্যাঙ্ক নোট পরীক্ষামূলক ভাবে চালু করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের কথা জানান। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪’-এর ২৫ নম্বর ধারা প্রয়োগ করে শীর্ষ ব্যাঙ্কের কেন্দ্রীয় পর্ষদের এই সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। প্রাথমিক ভাবে ১০ ও ২০ টাকার একশো কোটি প্লাস্টিকের নোট বাজারে ছেড়ে সার্বিক ভাবে পরিবেশ ও পরিস্থিতির মূল্যায়ন করা হবে। এই পরীক্ষা সফল হলে পরবর্তীকালে পাকাপাকি ভাবে এই প্লাস্টিক নোট চালু করার পরিকল্পনা রয়েছে।

Be the first to comment