রোজদিন ডেস্ক : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ এর জাতীয় কর্ম সমিতিতে তাঁর পুত্র নিশান্ত কুমারের নাম নেই। দলের জাতীয় সভাপতি পদে নীতিশ কুমারই আছেন, তাঁর আস্থাভাজন সঞ্জয় কুমার ঝা দলের জাতীয় কার্যকরী সভাপতি পদে আছেন।
নিশান্ত কুমার এই নতুন কর্ম সমিতিতে না থাকায় রাজনৈতিক মহল বিস্মিত। জেডিইউ এর অন্দরেও এই নিয়ে বিস্ময় দেখা দিয়েছে। উল্লেখ্য সম্প্রতি নিশান্ত কুমার দলে যোগ দিয়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন।
সূত্রের খবর, আগামী ৩ মে থেকে নিশান্ত কুমার রাজ্যব্যাপী ভ্রমণ করবেন। দলের বিভিন্ন কাজ সরেজমিনে দেখবেন।
দলে জাতীয় সহ সভাপতির পদও কমিয়ে একজন করা হয়েছে। প্রাক্তন সাংসদ চন্দেশ্বর প্রসাদ চন্দ্রবংশী একজনই সহ সভাপতি হলেন। তিন সাধারণ সম্পাদক থাকছেন মনীশ ভার্মা, শ্যাম রজক ও অশোক চৌধুরী। আফাক আহমেদ খান ও গুলাম রসুল বাল্যই ও এই তালিকায় আছেন।
সম্পাদক ও মুখপাত্র হলেন রাজীব রঞ্জন প্রসাদ। ২৪ জন কে নিয়ে এই নয়া কর্ম সমিতি গঠন হয়েছে।

Be the first to comment