রোজদিন ডেস্ক :
আগামী ২০ নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে দশম বার শপথ নেবেন জেডিইউ নেতা নীতিশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সেখানে উপস্থিত থাকার কথা। এর জন্য পাটনার গান্ধী ময়দানে জমকালো অনুষ্ঠানের আয়োজন ও জোর কদমে শুরু হয়েছে। সব নির্বাচনী সমীক্ষাকে হেলায় উড়িয়ে বিহার বিধানসভা নির্বাচনে এবার ২০২টি আসনে এবার জয়ী হয়েছে এনডিএ। বুথ ফেরত সমীক্ষায় তাদের এগিয়ে রাখলেও বিরোধী মহাগটবন্ধনের এমন শোচনীয় ফলাফল বেশির ভাগ সমীক্ষক ই আশা করেন নি। কার্যত এনডিএ ঝড়ে খড় কুটোর মত উড়ে গেছে মহাগটবন্ধন। এবং এর নেপথ্যে নীতিশকুমারের তুমুল জনপ্রিয়তা আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। যদিও নিন্দুকেরা এই বিপুল জয়ের নেপথ্যে নির্বাচনের আগে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার কারণ আছে বলে মনে করেন। এমনকি জন সুরজ পার্টির নেতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোরের অভিযোগ, বিশ্ব ব্যাংকের ঋণ বাবদ পাওয়া ১৪ হাজার কোটি টাকাই মহিলাদের দেওয়া হয়েছে।
আপাতত বিপুল জয়ে মসগুল এনডিএ অবশ্য এই সব অভিযোগকে আমল দিচ্ছে না।
আগামী ২০ নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানকে নজিরবিহীনভাবে জমকালো করা নিয়েই ব্যস্ত তাঁরা।
সূত্রের খবর, ৪০ হাজার মানুষ বসতে পারেন, এমন ব্যবস্থা হচ্ছে গান্ধী ময়দানে। নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
আজ বম্ব স্কোয়াড এর প্রতিনিধিরা পুরো এলাকা পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন হয়েছে। আমজনতার জন্য বন্ধ রাখা হচ্ছে গাব্ধী ময়দান পুরো ময়দান সবুজ কার্পেটে মুড়ে দেওয়া হবে।
আজ বিদায়ী মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার মন্ত্রিসভার বৈঠক করেন বলে জানা যায়। যান রাজভবন ও। সেখানে বর্তমান বিধানসভা ১৯ নভেম্বর ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এই নিয়ে দশম বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার। তাঁকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ও এখন তুঙ্গে উঠেছে।

Be the first to comment