জাতীয় ও রাজ্য সড়কে চলবে না টোটো, কড়া পুলিশি অভিযানের নির্দেশ পরিবহণ দফতরের

Spread the love

প্রতিবেদন: জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় আর চলবে না টোটো। এমনই নির্দেশ দিল রাজ্য সরকার। পরিবহণ দফতরের প্রধান সচিব ডঃ রবিন্দর সিং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে আগামীদিনে রাজ্য ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চালানো যাবে না। সেই সঙ্গে টোটোর বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হচ্ছে। পরিবহণ দফতরের তরফে ওই চিঠিতে হয়েছে, টোটো মূলত ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’-র জন্য ব্যবহার হওয়ার কথা। সেরকমই অনুমতি রয়েছে। কেন্দ্রের ২০১৪ সালের নির্দেশিকা এবং রাজ্যের ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্থানীয় রাস্তায় টোটো চলাচল করতে পারে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ অনুমতি দিলে এর ব্যতিক্রম হতে পারে।

পরিবহণ দফতরের দাবি, সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে যে ওই নির্দেশ অমান্য করে জাতীয় ও রাজ্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল করছে। এর ফলে যানজটের পাশাপাশি পথ নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। চিঠিতে ২০১৫ সালের ২৮ এপ্রিল এবং ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর ও ৯ অক্টোবর জারি হওয়া নির্দেশিকার উল্লেখ করে বলা হয়েছে, সেই নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে হবে। ডিজিকে অনুরোধ করা হয়েছে, সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বেআইনি টোটো চলাচল বন্ধ করতেই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*