ভরদুপুরে আগুন লাগল পার্ক স্ট্রিটের একটি বহুতলে, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু

Spread the love

অতিমারি পরিস্থিতির মধ্যে ফের আতঙ্কের খবর। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। ভরদুপুরে আগুন লাগল পার্ক স্ট্রিটের একটি বহুতলে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

এপিজে স্কুলের কাছে ১১৩ নম্বর পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বেসরকারি সংস্থার ভবনের চার তলায় আগুন লাগে। বহুতলে আগুন লাগায় কোনও ঝুঁকি নিতে চাইছেন না দমকলকর্মীরা। তাই হাইড্রলিক ল্যাডার এনে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে যে ঘরে আগুন লেগেছে, সেখানে ভিতরে কেউ নেই বলেই জানিয়েছেন দমকলকর্মীরা। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

এ দিন দুপুর ১ টা নাগাদ ধোঁয়া বেরতে দেখা যায় ওই ভবন থেকে। আশেপাশেই রয়েছে একাধিক বিল্ডিং। ধোঁয়া দেখেই দমকলে খবর দেওয়া হয়। কাছেই দমকলের সদর দফতর। সঙ্গে সঙ্গে ছুটে আসে ১০টি ইঞ্জিন। দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানেই চলছে আগুন নেভানোর কাজ। কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে আপাতত জানালা দিয়ে সাদা ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে, যা ভালো লক্ষণ বলে মনে করছেন দমকলকর্মীরা। তাঁর জানাচ্ছেন, এই সাদা ধোঁয়ার অর্থ হল, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে।

জানা গিয়েছে, আগে আগুন নিয়ন্ত্রণে আনা হবে, তারপর বাইরে থেকে কুলিং প্রক্রিয়া চলবে। অনেকস সময় আগুন নিভে গেলেও কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে আগুনের আঁচ থেকে যেতে পারে। আর সেখান থেকে আশেপাশে ফের আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। তাই বাইরে থেকে কুলিং প্রসেস বা ঠাণ্ডা করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এই বিল্ডিং-এর বেশিরভাগ অংশেই রয়েছে শাড়ীর শোরুম। এছাড়া বেসরকারি সংস্থার অফিসও রয়েছে। তবে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, লকডাউন চলায় অফিসের ভিতরে কেউ ছিলেন না, শোরুমগুলিও বন্ধ ছিল। ভিতরে কিছু শাড়ী, সালোয়ার কামিজ ছিল, যাতে আগুন ধরে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই বলে জানান সুজিত বসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*