বিধানসভায় পার্থ চ্যাটার্জির যেতে বাধা নেই, জানালেন অধ্যক্ষ

Spread the love

রোজদিন ডেস্ক :
দীর্ঘদিন কারান্তরাল থেকে ফিরে প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি বিধান সভার আসন্ন অধিবেশনে যোগ দিতে আগ্রহী। এই বিষয়ে কোন বাধা নেই বলে বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি জানিয়েছেন। আজ এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে
তিনি জানান, ওঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। কিন্তু বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়নি। তিনি অভিজ্ঞ, বর্ষীয়ান বিধায়ক। অধিবেশনে যোগ দেওয়া তাঁর অধিকার। আদালতের বিচার আদালত করবে, বিধানসভার নিয়ম আলাদা বলে তিনি জানিয়ে দেন।
তবে পার্থবাবু এখন মন্ত্রী না থাকায় তাঁকে পৃথক ঘর বা আগের আসন দেওয়া যাবে না। সাধারণ বিধায়কদের মতই তাঁর আসন বরাদ্দ হবে। তাঁদের মতই সুযোগ সুবিধা পাবেন তিনি বলে বিমান ব্যানার্জি জানিয়েছেন।
বাম আমলে দীর্ঘদিন বিরোধী নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি। পরে পরিবর্তনের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। ছিলেন দলের মহা সচিবও। এই সব পদ না থাকলেও তাঁকে বিধায়কের প্রাপ্য মর্যাদা দিতে তাঁর আপত্তি নেই বলে অধ্যক্ষর কথায় স্পষ্ট।
দল সাসপেন্ড করায় আপাতত তিনি নির্দল বিধায়ক হিসাবে সভায় থাকবেন। নিজের বক্তব্য রাখার সুযোগও পাবেন বলে জানা গেছে।
সূত্রের খবর, দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত পার্থ চ্যাটার্জির এই সক্রিয়তা নিয়ে শাসক দলের অন্দরে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই তাঁকে নিয়ে অস্বস্তিতে আছেন। কারাগারে থাকাকালিন দলের কেউ তাঁর সঙ্গে দেখা বা যোগাযোগ করেন নি। একদা দাপুটে প্রাক্তন মন্ত্রী বিধানসভায় গেলে তাঁর ভূমিকা কি হবে তা নিয়েও চর্চা চলছে। একদা মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ এই বিধায়কের দলে প্রত্যাবর্তন হবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*