বিদায়! শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রয়াত হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে গিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই জননেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

মৃত্যু সংবাদ শোনার পর হাসপাতাল পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবু সোরেনকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেখা করেন হেমন্ত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। পরে এক্সে ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, ‘গঙ্গারাম হাসপাতালে গিয়ে শ্রী শিবু সোরেনজিকে শ্রদ্ধা জানালাম। হেমন্তজিও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা হয়েছে। তাঁদের প্রতি রইল আমার গভীর সমবেদনা।’

পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শিবু সোরেন। জুনের শেষ সপ্তাহ থেকে চিকিৎসাধীন ছিলেন দিল্লির ওই হাসপাতালে। মাসখানেক আগে স্ট্রোক হওয়ার পর তাঁর অবস্থার দ্রুত অবনতি হয়। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে মৃত্যু হয়।

এর আগে শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘মাটির মানুষ, যিনি জনজীবনের নানা স্তর পেরিয়ে নেতৃত্বে উঠে এসেছিলেন। জনজাতি, দরিদ্র ও বঞ্চিত মানুষের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এমন নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। হেমন্তজির সঙ্গে কথা হয়েছে। ওঁ শান্তি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*