রোজদিন ডেস্ক : দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ না মিটতেই পুলিশ কর্মীর নাবালিকা কন্যাকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠলো রাজ্যে। উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় এই অভিযোগে আজ এক ইউটিউবার ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। যা নিয়ে সংশ্লিষ্ট এলাকায় তোলপাড় উঠেছে। অভিযোগ রিল বানানোর নামে বাবা ছেলের লালসার শিকার হয় এই নাবালিকা। তার বাবা কলকাতা পুলিশের কর্মী। এতে হতবাক স্থানীয় মানুষজন।
স্থানীয় সূত্রের খবর, নাচ গানে পারদর্শী পুলিশ কন্যা নবম শ্রেণির ছাত্রী। ইউটিউবার অরবিন্দ মন্ডল প্রথম তার ওপর নির্যাতন চালায়। তার নাবালক ছেলেকে মেয়েটি তা জানালে কোন ফল হওয়া দূরস্থান, তাকে বিয়ের নাম করে ধর্ষণ করে গুণধর পুত্রও। এমন কি জোর করে তাকে সিঁদুরও পরিয়ে দেয় অভিযুক্তরা ও তাদের পরিবার। ধর্ষণের কথা জানালে সমাজ মাধ্যমে তা ফাঁস করার হুমকিও দেয় তারা। গত সপ্তাহের এই ঘটনায় ক্ষিপ্ত মেয়েটির পরিবার হাড়োয়া থানায় নালিশ জানান। আজ বাবা ছেলেকে গ্রেফতার করে পুলিশ। আরও দুই অভিযুক্ত পলাতক। তাদের পুলিশ খুঁজছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। ধৃতদের কঠোর শাস্তি দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার।
বসিরহাট জেলার এসপি জানান, পকসো আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।

Be the first to comment