রোজদিন ডেস্ক : বাংলায় ভোটের ডিউটি করতে এসে মৃত্যু হল মধ্যপ্রদেশ পুলিশের এক সাব-ইনস্পেক্টরের। মৃতের নাম শ্রীনিবাস সিং (৫৯)। শুক্রবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শ্রীনিবাসের বাড়ি মধ্যপ্রদেশের মৈহারে। ভোটের ডিউটিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। তাঁর ডিউটি পড়েছিল হাওড়ার বালি ঘোষপাড়ার নিশ্চিন্দা গার্লস স্কুলে। শুক্রবার বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শ্রীনিবাস। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মধ্যপ্রদেশ পুলিশকে শ্রীনিবাসের মৃত্যুসংবাদ দিয়েছে জেলা প্রশাসন। খবর দেওয়া হয়েছে তাঁর বাড়িতেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শ্রীনিবাস। সেই কারণেই তাঁর মৃত্যু বলে মনে করা হচ্ছে।

Be the first to comment