রোজদিন ডেস্ক, কলকাতা:- বাসের ধাক্কায় হাওড়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌমিতা দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয় বৃহস্পতিবার । মাত্র ৩৫ বছর বয়সেই এমন এক প্রতিভার জীবন চলে গেলো। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যখন একটি বাইকের পিছনে বসে নিজের স্কুলে গানের প্রশিক্ষণ দিতে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া গতির বাস তার বাইকে সজোরে ধাক্কা দেয় । তিনি ছিটকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত লাগে তার । শিল্পিকে উদ্ধার করে দ্রুত উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । পুলিশ বাসটিকে আটক করেছে। আটক করা হয়েছে বাসের চালককেও ।
উলুবেরিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়া সিপাই পাড়ায় বাড়ি মৌমিতা দেবনাথের । তিনি বেতার এবং টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন । এছাড়াও বিভিন্ন শহরে নিয়মিত তিনি অনুষ্ঠান করতেন । প্রতিদিন সন্ধ্যায় নিমদিঘিতে নিজের গানের স্কুলে গান শেখাতে যেতেন মৌমিতা । বৃহস্পতিবার সন্ধাতেও যথারীতি তিনি একজনের বাইকের পিছনে বসে স্কুলে যাচ্ছিলেন । কিন্তু তাদের বাইক সন্ধ্যে ৬ টা নাগাদ উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট মুখি লেনে আসতেই একটা বেপরোয়া গতির যাত্রীবাহী বাস বাইকে সজোরে ধাক্কা দেয় । মৌমিতা দেবনাথ ও বাইক চালক ছিটকে পড়েন । মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে যান বাইক চালক । কিন্তু মৌমিতার মাথায় গুরুতর আঘাত লাগে । আর সেই আঘাতেই মৃত্যু হয় তার । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতার পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

Be the first to comment