সকলকে এক করার ছিল তাঁর অদ্ভুত মুন্সিয়ানা, তাই আজও তিনি সবার ‘প্রিয়’

Spread the love

পিয়ালি আচার্য :

নভেম্বরের ১৩ তারিখ। গণ সংস্কৃতি সংসদের তরফে ডালহৌসির ব্যস্ততম এলাকায় (রিজার্ভ ব্যাঙ্কের সামনে) প্রিয়রঞ্জন দাসমুন্সীর মূর্তি স্থাপিত হলো। প্রিয়রঞ্জন দাসমুন্সীর পরিচয় পাঠককে দেওয়ার মানেই বাহুল্য। ছাত্র রাজনীতি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ, ক্রীড়া জগতে এআইএফএফ-এর প্রেসিডেন্ট, লেখক, কবি — তিনি ছিলেন ডায়নামিক, তিনি ছিলেন ভার্সেটাইল।

অসাধারণ বাগ্মী ছিলেন প্রিয়। আজ তাঁর জন্মদিনে তাঁরই তৈরি গণ সংস্কৃতি সংসদের উদ্যোগে মার্বেল পাথরের মূর্তির আবরণ উন্মোচন হল। ‘প্রিয় ভাষ’ বলে একটি স্মৃতিচারণমূলক গ্রন্থেরও হলো উদ্বোধন।

এ ব্যাপারে মূল উদ্যোগ নেন প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্নেহধন্য কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। মঞ্চে যখন অমিতাভ ওরফে কাল্টু চক্রবর্তী বক্তৃতা করছিলেন, বলা যায় মঞ্চ পরিচালনা বা সঞ্চালনা করছিলেন তখন একটি কথা তিনি বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তাঁরা  দল-মত ভাবনা-চিন্তা মতাদর্শের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র প্রিয়দাকে ভালোবেসে উপস্থিত হয়েছেন। মঞ্চে ছিল না কোন ঝান্ডা বা পতাকা। উল্লেখযোগ্যভাবে একটি স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল, যাতে সব দলের নেতাদের সঙ্গে প্রিয়রঞ্জন দাসমুন্সীকে দেখা গেছে ঘনিষ্ঠভাবে। মঞ্চের ব্যাকড্রপে অহরহ ধ্বনি দৃশ্যমাধ্যমে প্রিয়রঞ্জন দাসমুন্সীর বিস্তৃত রাজনৈতিক জীবনের ওঠা-পড়ার কাহিনি দেখানো হচ্ছিল।

এই প্রদর্শনীতে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তো ছিলই বিজেপির প্রথম সারির নেতা বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গেও একই মঞ্চে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায় তাঁকে।

এছাড়া, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায় এঁরা তো ছিলেনই তার ঘনিষ্ঠ বৃত্তে সেই ছবিও প্রদর্শনীতে দেখানো হয়।

আজ তাঁর জন্মদিনে যে স্মরণসভার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রিয়রঞ্জন ছিলেন কংগ্রেস নেতা সুতরাং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, অসিত মিত্র-সহ কংগ্রেস পরিবার তো উপস্থিত ছিলেনই, উল্লেখযোগ্যভাবে উপস্থিতি ছিলেন বিমান বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, নির্বেদ রায়, কুনাল ঘোষ, অশোক দেব, সুজন চক্রবর্তী, প্রসূন ব্যানার্জি প্রমুখ। মূর্তির আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও এলাহবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন।

আজকের এই সভা থেকে বোঝা যায় প্রিয়রঞ্জন দাসমুন্সী শুধু আক্ষরিক অর্থে নয় প্রকৃতই ছিলেন সবার প্রিয়। প্রিয়রঞ্জন অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার ৯ বছর পরে ২০১৭ সালে তাঁর জীবনাবসান হয়। প্রায় এক দশক হলো প্রিয়দা প্রয়াত হয়েছেন। তা সত্ত্বেও আজও তিনি সকলকে এক করে দিয়ে সকলের প্রিয় হয়ে মৃত্যুর এত বছর পরেও প্রাসঙ্গিক।

প্রশ্ন উঠতে পারে, এই মঞ্চ, বিজেপি বিরোধী মঞ্চ। বিজেপির কেউই এখানে উপস্থিত ছিলেন না। প্রিয়রঞ্জন এর অনুগত ভ্রাতৃপ্রতিম কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী এই বিষয়টিও পরিষ্কার করে দেন। তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান এই রকম একটি গুরুত্বপূর্ণ স্থানে প্রিয়রঞ্জন-এর মূর্তি স্থাপন করতে দেওয়ার জন্য। পাশাপাশি ২০২৬ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের বর্ষীয়ান নেতা সন্তোষ পাঠককে তিনি বারবার ধন্যবাদ জানান। এমনকি অমিতাভবাবু এও বলেন সন্তোষ পাঠক এবং দেবাশিস কুমার আজ উপস্থিত নেই। কিন্তু তাঁদের প্রচেষ্টা ও তাঁদের এই মূর্তি স্থাপনে ভূমিকার কথা উল্লেখ না করলে তাঁর (অমিতাভ চক্রবর্তী) পাপ হবে। এটাই প্রিয়রঞ্জন এর ঘরানা।

যে মুন্সিআনায় প্রিয়রঞ্জন ফ্লোর কো-অর্ডিনেশন করতেন অথবা বিপক্ষ দলের রাজনীতিবিদদের সঙ্গে ভালো ব্যবহার করে সকলের প্রিয় হয়ে উঠেছিলেন সেটাই বহন করে চলেছেন তাঁর অনুজ নেতারা। তাই আজ প্রিয়পন্থী নেতাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কংগ্রেসের ঘরোয়া বিবাদ বাদ দিয়ে অনেকেই উপস্থিত ছিলেন, ছিলেন সিপিআইএম এবং ভাগ হয়ে যাওয়া তৃণমূলের নেতারাও। আর শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মূল উদ্যোক্তার কন্ঠে বিজেপি নেতার এবং সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। তবে সুন্দর এই অনুষ্ঠানে প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সি ও তাঁর পুত্র মিছিল ওরফে প্রিয়দীপ-কে দেখতে পেলে ভালো লাগতো। তাঁরা অনুপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*