রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ফোনে আড়ি পেতেছিলেন বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ বিস্ফোরক অভিযোগ করেন। সমাজ মাধ্যমে এক অনুষ্ঠানে
তিনি দৃঢ়ভাবে বলেন, তাঁর কাছে এই অভিযোগের সব প্রমাণ আছে।
আজ ভিডিও বক্তব্যে রাহুল গান্ধী নিজের মোবাইল ফোন তুলে আবারও প্রধানমন্ত্রীকে তাঁর সঙ্গে সরাসরি বিতর্কে বসার আহবান জানান। বলেন, কে দেশবিরোধী, কত দিন ধরে দেশ বিরোধী কাজে জড়িত, কে বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন, সব তিনি মুখোমুখি বিতর্কে প্রমাণ করে দেবেন।
এর আগেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী র উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুঁড়েছেন, যদিও মোদিজী এই নিয়ে কোন উত্তর দেননি। তাঁর দল বিজেপি রাহুল গান্ধীকে লোকসভায় বিতর্কে যোগ দিতে পালটা চ্যালেঞ্জ করেছে।
রাহুল গান্ধীর দাবি, আগে তাঁকে একাধিক বার সংসদে কথা বলতে দেওয়া হয় নি, তাঁর মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হয়, তাই তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে তাঁর সঙ্গে সরাসরি বিতর্কে বসার আহবান জানাচ্ছেন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ফোনে আড়ি পাতা নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেছেন।
অন্যদিকে বিজেপি, শিণ্ডেসেনার পক্ষে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করা হয়েছে।
কেরলমের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর তীব্র কটাক্ষ করে বলেন,ওঁর ফোন নিয়ে কারও উৎসাহ নেই।
শিন্ডেসেনার মুখপাত্র সাইনা এন সি বলেন,হতাশায় ভুগে রাহুল গান্ধী কখনও ভোট চুরি, কখনও তাঁর ফোনে আড়ি পাতার মত ভিত্তিহীন অভিযোগ করছেন।
উল্লেখ্য, ২০২২ সালে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে তোলপাড় উঠেছিল। ভারত ইজরায়েলের পেগাসাস স্পাইওয়ার পেগাসাস কিনেছিল বলে অভিযোগ ওঠে।
শীর্ষ আদালতে এই নিয়ে বিশেষজ্ঞ কমিটিও গঠন করে। শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি এন ভি রমণার বেঞ্চ জানায়, ২৯টি ফোন পরীক্ষা করে ৫টি ম্যালওয়ার মিলেছিল, তা পেগাসাস কিনা নিশ্চিত নয়।
দীর্ঘদিন পর রাহুল গান্ধীর ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে ফের রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে।

Be the first to comment