ফতেপুরে নিহত দলিতের বাড়ি গেলেন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলির ফতেপুরে চোর সন্দেহে গণধোলাই-এ মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছিলেন দলিত যুবক হরি ওম বাল্মিকী। আজ তাঁর বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। তাঁকে ওখানে যেতে না দেওয়ার জন্য রাজ্য প্রশাসন দরিদ্র এই দলিত পরিবারের ওপর অনেক চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ করেন তিনি। সব কিছু উপেক্ষা করে আমেথির কংগ্রেস সাংসদ কিশোরীলাল শর্মাকে নিয়ে ফতেপুরের তুরাব আলি কি টোলায় নিহত হরি ওম বাল্মিকীর বাড়ি যান। তাঁদের পাশে থাকার, বিচারের লড়াই-এ সঙ্গে থাকার আশ্বাস দেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর রায় বেরিলিতে গভীর রাতে চোর সন্দেহে এই দলিত যুবককে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়। তিনি যে চোর না, নিছক সন্দেহের বশে এই নির্মম হত্যা, তা নিয়ে এলাকায় তোলপাড় উঠলেও প্রশাসন, পুলিশের ভয়ে কেউ মুখ খুলছিল না বলে অভিযোগ। এমন কি রাহুল গান্ধী ওখানে যাওয়ার আগে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে নিহতর পরিবার বলছেন, তাঁরা রাহুল গান্ধী বা অন্য কোন বিরোধী নেতার সঙ্গে দেখা করতে চান না, রাজ্য সরকারের ওপর তাঁদের ভরসা আছে।

এই ভিডিওর সত্যতা রোজদিন যাচাই করেনি, তবে আজ রাহুল গান্ধী শোকার্ত পরিবারটির সঙ্গে দেখা করায় স্থানীয় পুলিশ, প্রশাসনকে নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

নিহত বাল্মিকীর পরিবারের সঙ্গে আধ ঘণ্টা ছিলেন রাহুল। পরে তিনি জানান, ওঁরা যাতে তাঁর সঙ্গে দেখা না করেন, এর জন্য দলিত পরিবারটিকে ভয় দেখানো হয়েছিল। এই সব ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ কংগ্রেস নেতা বলেন, তাঁর সঙ্গে ওঁদের দেখা করা গুরুত্বপূর্ণ না, কিন্তু ওঁরা যে অপরাধী না, এটাই গুরুত্বপূর্ণ। সারা দেশে দলিতরা অত্যাচারিত হচ্ছেন  বলে তিনি অভিযোগ করেন। কোন অপরাধ না করে শুধু মাত্র চোর সন্দেহে যেভাবে হরি ওম বাল্মিকীকে পিটিয়ে মারা হয়েছে, তার তীব্র নিন্দা করেন তিনি। বলেন, এই নৃশংস হত্যার বিচারের দাবিতে তাঁদের লড়াই জারি থাকবে। কংগ্রেস সর্বতোভাবে ওঁদের পাশে আছে, থাকবে বলে জানিয়ে দেন।

প্রসঙ্গত কয়েকদিন আগে বিজেপি শাসিত হরিয়ানায় এক দলিত আইপিএস আধিকারিকের আত্মহত্যার কথা তুলে বলেন,  তিনি ওঁর বাড়িও গেছিলেন। আজ এখানেও এলেন। যদিও এখানে তাঁর আসা নিয়ে প্রশাসন, পুলিশ পরিবারটিকে আজও ভয় দেখিয়েছে। অত্যাচারিত দলিত পরিবারগুলিকে বাড়ির বাইরেও যেতে দেওয়া হচ্ছে না।  এঁরা কেউই অপরাধী নয়, তবু তাঁদের ওপর অত্যাচার হচ্ছে।

কংগ্রেস সমাজমাধ্যমে আজ রাহুল গান্ধীর হরি ওম বাল্মিকীর বাড়ি যাওয়ার কথা পোস্ট করে।

আজও বিজেপি শাসিত মধ্য প্রদেশের কাটনিতে দলিত যুবক রামানুজ চৌধুরীর ওপর উচ্চবর্ণের মানুষদের নির্মম অত্যাচারের কথা সামনে এসেছে। তাঁকে মারধোর করে গায়ে প্রস্রাব করারও ন্যক্কারজনক অভিযোগ উঠেছে।

ফতেপুরে নিহত হরি ওম বাল্মিকীর হত্যাকাণ্ডে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। তবে আদৌ তাদের শাস্তি হবে কিনা তা নিয়ে স্থানীয় মানুষের মনে সংশয় আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*