রোজদিন ডেস্ক :
তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল রাজভবনে বোমা বন্দুক মজুত করে বিলি করেন। এর পাল্টা রবিবার ভোরে রাজভবনের প্রবেশ দ্বার খুলে দিয়ে আমজনতাকে আহবান জানান রাজ্যপাল। কোথায় বোমা বন্দুক আছে দেখে যেতে বলেন তাঁদের।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও পৃথকভাবে প্রচার মাধ্যমের প্রশ্নে জানান, রাজভবনে বোমা বন্দুক রাখার কোন খবর তাঁদের কাছে নেই।
একদিকে টিএমসি-র দাপুটে সাংসদ কল্যাণ ব্যানার্জির রাজ্যপা কে তোপ, অন্যদিকে এই মন্তব্যে ক্ষুব্ধ রাজ্যপালকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
এবার রাজভবনে বোমা বন্দুক মজুত ও তা বিলির অভিযোগ নিয়ে সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজভবন। নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, তাঁর বিরুদ্ধে সাংসদ কল্যাণ ব্যানার্জির অবমাননাকর মন্তব্যে রীতিমত ক্ষুব্ধ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করতে চান। এই বিষয়ে রাজভবন আইনি পরামর্শ নিচ্ছে। আটটি ধারায় এই মামলা করার কথা ভাবা হচ্ছে। মানহানি-সহ সাংসদের বিরুদ্ধে দেশের সংহতি, সম্প্রীতি, ঐক্যর ওপর আঘাত ইত্যাদি ধারাও আনার কথা ভাবা হচ্ছে।
প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় ও বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ র সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন সময়ে মতবিরোধ চরমে উঠেছে। শাসক দলের পক্ষে রাজ্যপাল কে তোপ দাগা, অবমাননাকর মন্তব্য করা কিছুই বাদ যায়নি।
এমনকি বর্তমান রাজ্যপালের বিরুদ্ধে মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগও এসেছে। এবার টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জির প্রকাশ্য বক্তব্য সীমা ছাড়িয়েছে বলে রাজভবন মনে করে। তাঁকে সমুচিত জবাব দিতে এবার তাই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজভবন।
যদিও সাংসদ কল্যাণ ব্যানার্জি র এতে কোন হেলদোল নেই বলেই জানা যায়।

Be the first to comment