প্রতিবেদন: তিলোত্তমা কাণ্ডে (RG Kar rape and murder case) জেল হেফাজত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তড়িঘড়ি তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে ৯টি জামিন যোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এদিন তার জামিনের আবেদন জানিয়ে নির্মল ঘোষের আইনজীবী বলেন, নির্মল ঘোষের বয়স ৭৮ বছর। তিনি অসুস্থ। চিকিৎসার প্রয়োজন। তাই তাকে জামিন দেওয়া হোক। কিন্তু বিচারক তাঁর আর্জি খারিজ করে নির্মল ঘোষকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন একই মামলায় ধৃত পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়েরও জেল হেফাজত হয়েছে। তাকে এদিন ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তিলোত্তমা মামলায় মুখ্যমন্ত্রী নির্মল ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। তারপরই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার পুরী থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় পলাতক প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। তিলোত্তমা মামলার সঙ্গে তার বিরুদ্ধে একটি লটারি প্রতারণারও অভিযোগ দায়ের হয়েছে। এদিন সেই মামলাতে নির্মল ঘোষকে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর মহকুমা আদালত।

Be the first to comment