রোজদিন ডেস্ক : বর্ষা শেষ হতেই রাজ্যের রাস্তাঘাট সংস্কারে নজর দিল রাজ্য প্রশাসন।একদিকে পুরনো ও ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামতি, অন্যদিকে নতুন রাস্তা নির্মাণ, দু’টি কাজই একসঙ্গে শুরু করছে পূর্ত দফতর। প্রথম দফায় রাস্তা সারাইয়ের জন্য পূর্ত দফতর বরাদ্দ করেছে ১১০ কোটি টাকা। পাশাপাশি, নতুন রাস্তা নির্মাণের জন্য অর্থ দেওয়া হবে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে। এবার শরতেও প্রবল বর্ষণে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শারদোৎসবের আগে সারাইয়ের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সেই সময়েই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কয়েকটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। নভেম্বরের শুরুতেই পূর্ত দফতর সেই সংস্থাগুলিকে ওয়ার্ক অর্ডার দিয়েছে। প্রথম ধাপে পূর্ত দফতরের অধীনে থাকা ৪২০ কিমি রাস্তা সারানো হবে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ আগেই শুরু হয়েছে। একই সঙ্গে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের টাকায় রাজ্যের ন’টি নতুন রাস্তা নির্মাণের কাজও শুরু হচ্ছে।
অতিবৃষ্টির জেরে রাজ্যের বহু সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ত দফতর এখন কমবেশি ২ হাজার সেতুর স্বাস্থ্য পরীক্ষা করছে। প্রয়োজনে সেগুলিও সংস্কারও করা হবে। দফতরের সচিব নির্দেশ দিয়েছেন, সারাইয়ের কাজ শুরু হলে ইঞ্জিনিয়ারদের সরেজমিনে পরিদর্শনে নামতে হবে। ঠিকাদার সংস্থাগুলি কাজের মান ও নির্মাণে ব্যবহৃত উপকরণ নিয়ম মেনে ব্যবহার করছে কি না, তার ওপর নজরদারি করতে হবে। নির্দেশ অনুযায়ী, যে সংস্থা রাস্তা নির্মাণ করবে, তিন বছর সেই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই সংস্থাকেই নিতে হবে।

Be the first to comment