বড় গাছ পড়ে গেছে, পরিস্কারে সময় লাগবে : রুদ্রনীল ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক : 
বহু বড় বড় গাছ ঝড়ে পড়ে গেছে, পরিস্কার করতে সময় লাগবে বলে বিজেপি বিধায়ক তথা নামী অভিনেতা রুদ্রনীল ঘোষ মন্তব্য করেছেন। রাজ্যের সাংস্কৃতিক জগতে প্রাক্তন সরকারের আমলে চলা দাদাগিরি, দুর্নীতি, দমন পীড়নের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য। ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস প্রমুখ দীর্ঘদিন ক্ষমতায় থেকে রাজ্যের সাংস্কৃতিক জগতকে ধ্বংস করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সাংস্কৃতিক জগতের প্রতিনিধি দের সঙ্গে রুদ্রনীল ঘোষের খোলামেলা বৈঠক, আলোচনায় এই সব প্রসঙ্গ ওঠে। তিনি সবার কথা মন দিয়ে শোনেন। ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসুর মত গুণী মানুষদের সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রুদ্রনীল ঘোষ বলেন, ওঁরা নিঃসন্দেহে গুণী ছিলেন, কিন্তু বিপথে পরিচালিত হয়ে অন্ধকারের পথে হেঁটেছেন। জেনে অপরাধ করা এই মানুষদের ক্ষমা করা কঠিন।
টলিউড সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাস ভাইদের দুর্নীতি, দমন পীড়ন ইত্যাদি নিয়ে রুদ্রনীল ঘোষ বলেন,ওঁদের পরিবারের কেউ শিল্পের “শ” তে-ও পা দেন নি, তাঁরা শিল্পের নিয়ন্ত্রণে এগিয়ে এসেছিলেন! কিন্তু ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন প্রমুখের তুলনায় এই সব অশিল্পী মানুষদের অপরাধ তুলনায় কম বলে তিনি মনে করেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, প্রাক্তন এই সব শিল্পী মন্ত্রীরা জেলে যাবেন, কি বাইরে থাকবেন, তা আইন ঠিক করবে।
রুদ্রনীল ঘোষের সঙ্গে বৈঠকে বিশিষ্ট বামপন্থী অভিনেতা, পরিচালক সৌরভ পালধি-র বিরুদ্ধে বিষোদগার করে এক ব্যক্তি তাঁকে “দেশদ্রোহী” তকমা দিয়ে দেশ থেকে বিতাড়িত করার দাবি করেন। তাঁর অভিযোগ, কয়েক বছর আগে বিজেপিতে যোগ দেওয়ায় বিশিষ্ট অভিনেতা কৌশিক কর-কে নাটক থেকে শুধু বাদ দেওয়াই না, তাঁকে “চল ফোট” বলে অপমান করেছিলেন সৌরভ পালধি।
এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেন, রাজ্যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আছেন। সৌরভ পালধি সম্ভবত দুর্ভাগ্যজনকভাবে সিপিএমের রাজনৈতিক প্রচারে নাটককে ব্যবহার করেছিলেন, যা অত্যন্ত বেদনাদায়ক বলে জানান রুদ্রনীল ঘোষ। যে যা বলেন, ভবিষ্যতের কথা ভেবে বলা ভাল বলে তিনি মন্তব্য করেন।।
ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মানসিকতা বিজেপির নয় বলে জানান।
রুদ্রনীল ঘোষের সঙ্গে এই আলোচনায় উপস্থিত প্রতিনিধিরা প্রাক্তন সরকারের আমলে সাংস্কৃতিক জগতে নানা অবিচার, অন্যায়, দুর্নীতি কথা উজাড় করে দেন৷ বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রী তথা তথ্য সংস্কৃতি মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*