অরুণাচল চিনের!! এই নিয়ে সাংহাই বিমানবন্দরে ভারতীয় মহিলাকে হেনস্থার অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : অরুণাচল প্রদেশ ভারত না, চিনের!! এই নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছে চিন। এবার এই নিয়ে ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে হেনস্থার অভিযোগ উঠলো চিনের সাংহাই বিমানবন্দরে। প্রেমা ওয়াংজোম থংডকের জন্ম অরুণাচল প্রদেশে। তিনি থাকেন ব্রিটেনে। অতি সম্প্রতি তিনি লন্ডন থেকে সাংহাই বিমানবন্দর হয়ে জাপান যাচ্ছিলেন। সেখানে চিনের অভিবাসন আধিকারিকরা তাঁর ভারতীয় পাসপোর্টকে অচল তকমা দেয়। তাঁর জন্মস্থান অরুণাচল প্রদেশ হওয়ায় তাঁকে জানিয়ে দেয়, এটি চিনের অংশ। সূত্রের খবর, অভিবাসনের সব কাজ হয়ে যাওয়ার পর প্রেমা নিরাপত্তা এলাকায় অপেক্ষা করছিলেন। আচমকাই একজন আধিকারিক এসে “ভারত! ভারত! বলে তাঁর নাম ডাকেন। ওই মহিলা আধিকারিক তাঁকে ডেকে নিয়ে গিয়ে জানিয়ে দেন, তাঁর ভারতীয় পাসপোর্ট অচল। কারণ অরুণাচল প্রদেশ চিনের
অংশ৷ এতে তিনি রীতিমত বিভ্রান্ত হয়ে যান৷ গত বছরও তিনি এই পথ দিয়ে যাতায়াতের সময় কোন সমস্যা হয়নি। এবার একাধিক চিনা আধিকারিক তাঁকে এই নিয়ে বিদ্রূপ, কটাক্ষ করেন বলে তাঁর অভিযোগ। এমনকি তাঁকে চিনা পাসপোর্টের জন্য আবেদনও করতে বলা হয়। বৈধ ভিসা থাকা সত্বেও তাঁকে জাপানগামী বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানবন্দরে তাঁকে খাবার ইত্যাদিও দেওয়া হয়নি বলে প্রেমার অভিযোগ। এমন কি তাঁকে নতুন ভাবে বিমানের টিকিট কেনা, চিনের পাসপোর্টের জন্য আবেদন করা ইত্যাদির জন্য চাপ দেওয়া হয়। অনেক চেষ্টার পর লন্ডনের এক বন্ধুর মাধ্যমে তিনি সাংহাই এর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ তাঁদের আধিকারিকরা এসে সব ব্যবস্থা করে তাঁকে রাতের দিকে জাপানের বিমানে তুলে দেন । এই হেনস্থায় ক্ষুব্ধ প্রেমা বিষয়টি নিয়ে ভারত সরকারকে বেজিং এর সঙ্গে কথা বলতে ও আর কাউকে যাতে এমন হেনস্থার শিকার হতে না হয়, তার ব্যবস্থা নিতে দাবি জানান। বিমানবন্দরে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*