ফের সেলফির বলি এক কিশোর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ মিরধা (১৩)। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা বিশ্বজিৎ ছোট থেকেই তার মামারবাড়িতে থাকে। পূর্ব বর্ধমানের বুদবুদের কাকড়াতে তার মামারবাড়ি।
গত বুধবার ২৪ অক্টোবর লক্ষ্মী পুজো উপলক্ষ্যে সে নওয়াদা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যায়। শুক্রবার সকালে বেলা এগারোটা নাগাদ বাড়ি ফেরার জন্য নওয়াদা স্টেশনে যায় ট্রেন ধরতে। সেই সময় নওয়াদা স্টেশন দিয়ে আপ শান্তিনিকেতন এক্সপ্রেস যাচ্ছিল। ট্রেনের সঙ্গে সেলফি তুলতে যায় বিশ্বজিৎ। একই সময়ে ডাউন লাইন দিয়ে আসছিল একটি মালগাড়ি। ওই মালগাড়িটিই ধাক্কা মারে কিশোরকে। গুরতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎকে। শুক্রবার রাতেই মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সেলফি তোলার দিকে এতটাই বিভোর ছিল ওই কিশোর যে ডাউন লাইনের ট্রেন খেয়ালই করেনি সে।

Be the first to comment