বর্ধমান মেডিক্যাল কলেজে ‘ভুল ইনজেকশনে’ একাধিক প্রসূতি অসুস্থ, তড়িঘড়ি গঠিত হল তদন্ত কমিটি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইনজেকশন দেওয়ার পরেই একাধিক প্রসূতি অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ ছিল, ভুল ইনজেকশন দেওয়ার কারণে এই ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়। এই ‘ভুল ইনজেকশন’ বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি বেশ কয়েকজন রোগীকে সোমবার সন্ধে নাগাদ তিনটে করে ইনজেকশন দেওয়া হয়। অভিযোগ ইনজেকশন দেওয়ার পরই একাধিক প্রসূতি অসুস্থ হতে শুরু করেন। শ্বাসকষ্ট, বুক ধড়ফড় ও কাঁপুনি শুরু হয় তাঁদের। প্রায় ১২ থেকে ১৫ জন প্রসূতি অসুস্থ হওয়ার খবর পেতেই ছুটে আসেন চিকিৎসকরা।
প্রসূতির বাড়ির লোকেদের অভিযোগ, সিজার হওয়ার কারণে প্রসূতিরা এমনিতেই দু-একদিন খালি পেটে আছেন। এই অবস্থায় তাদের শরীরে তিনটে পরপর ইনজেকশন দেওয়া হয়। এরপরই জ্বর আসে। শুরু হয় প্রচন্ড কাঁপুনি। হাসপাতালে খবর নিতে গেলে সিকিউরিটি তাঁদের বের করে দেয় বলে অভিযোগ।
এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইনজেকশন দেওয়ার পরে কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। ওই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ইনজেকশন দেওয়ার কাজ বন্ধ রাখা হয়।
এক রোগীর আত্মীয় শেখ রহমাতুল্লাহ জানান, তাঁর স্ত্রী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন। তাঁর সিজার হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত সুস্থই ছিল। হঠাৎ সন্ধের পরে জানতে পারেন তিনটে ইনজেকশন দেওয়ার পরে তাঁর স্ত্রীর খুব খিঁচুনি হচ্ছে। সেই সঙ্গে অতিরিক্ত জ্বর এসেছে। পরে জানতে পারেন কোনও ভুল ইনজেকশন দেওয়ার জন্য এই অবস্থা। এরকম প্রায় ১২ থেকে ১৫ জনের একই ধরনের অবস্থা হয়।
অন্যদিকে, এই বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, “ইনজেকশন দেওয়ার পরে রোগীদের কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে সকলেই সুস্থ আছেন। চিন্তার কিছু নেই। কী থেকে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*