বিহারে একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?; রাহুলের পাশে দাঁড়িয়ে ফের SIR নিয়ে সরব অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : ফের SIR নিয়ে সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূলের সেনাপতি। নির্বাচন কমিশনের রবিবারের সাংবাদিক বৈঠক নিয়েও আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন বিমানবন্দরে তিনি বলেন, “লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছে বিজেপি। তাই কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।”

তিনি আরও বলেন, “মৃতদের নাম কেন তালিকায়? উত্তর মেলেনি। সাংবাদিকদের নির্বাচন কমিশন একটা উত্তরও ঠিকমতন দেয়নি। পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। যে কথা নির্বাচন কমিশন বলছে, তর্কের খাতিরে যদি ওদের যুক্তিকে সত্যি ভেবে নিই, তাহলে একবছর আগে এই লিস্টের ভিত্তিতে যে নির্বাচন হয়েছে সেই সব সরকার ভেঙে দিয়ে SIR করে আবার নির্বাচন করুক। ভারতের মানুষের ভোট দেওয়ার মৌলিক অধিকার বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা স্পষ্ট।”

এদিন অভিষেক বলেন, রবিবার বিরোধী দলের তরফে কমিশনের কাছে যে প্রশ্নগুলো রাখা হয়েছিল, ২৪ ঘণ্টা পরেও ওরা সদুত্তোর দিতে পারেনি। এর থেকেই স্পষ্ট, কমিশন মুখে যা বলছে আর যা কাজ করছে, তা এক নয়। কমিশনের দেওয়া নোটিশ নিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন, “কমিশন বলছে সাত দিনের মধ্যে হলফনামা না দিলে কোনও দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। আমি পাল্টা বলি, বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন হলফনামা দিয়ে বলুক; একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?”