কৃষ্ণনগরে এসআইআর কাজের অগ্রগতিতে সন্তুষ্ট নির্বাচন কমিশন

Spread the love

কৃষ্ণনগর: তিন ঘণ্টার টানা বৈঠকের পর জেলার এসআইআর কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সন্তোষ প্রকাশ করলেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজকুমার আগরওয়াল। বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে তিনি জানান, “জেলার প্রতিটি ভোটারই আমাদের কাছে বিশেষ। তাই প্রতিটি ব্লকে এসআইআর-এর কাজ যথাযথ গুরুত্বের সঙ্গে এগোচ্ছে।”

সবকিছুর খুঁটিনাটি খতিয়ে দেখতে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনারও। জেলার নির্বাচন–সম্পর্কিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গে কথা বলে, কাগজপত্র দেখে এবং সরেজমিন অগ্রগতি পর্যালোচনা করেই কমিশনের প্রতিনিধিদল সন্তুষ্টি প্রকাশ করেন।

এদিন সকালেই রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে পৌঁছয়। জেলার বিভিন্ন ব্লকে এসআইআর কর্মসূচির বাস্তবায়ন, তথ্য যাচাই, ভোটার তালিকার সংশোধন—সব দিকই বিস্তারিত খতিয়ে দেখা হয়। জেলার তরফে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

সভা শেষে মনোজকুমার আগরওয়াল জানান, “জেলার প্রশাসন সঠিক দিকেই এগোচ্ছে। কাজের গতি সন্তোষজনক।” তিনি আরও বলেন, এসআইআর-এর মতো সংবেদনশীল কাজের ক্ষেত্রে ত্রুটি এড়াতেই ব্লকভিত্তিক নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

বৈঠক ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা ছিল সকাল থেকেই। কমিশনের এই ইতিবাচক মন্তব্যে জেলা প্রশাসনের মধ্যে স্বস্তির হাওয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*