কলেজের অনুষ্ঠানে তোলাবাজির অভিযোগে উত্তেজনা ছড়াল সেন্ট পলস কলেজে। এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সদস্যরা। পরে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহুদিন ধরেই সেন্ট পলস কলেজের অনুষ্ঠানে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে দুপক্ষের মধ্যে অশান্তি চলছিল। বুধবার রাতে বিষয়টি নিয়ে ঘেরাও হন কলেজের অধ্যক্ষও। এরপর বৃহস্পতিবার সংঘর্ষ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হন। অশান্তির জেরে আমহার্স্ট স্ট্রিট এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। চিৎকারের জেরে সমস্যায় পড়েন মারোয়াড়ি হাসপাতালের রোগীরা। এর আগেও এই সেন্ট পলস্ কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছিল। এরপর আমহার্স্ট স্ট্রিট থানা থেকে পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তির জেরে কলেজের পঠনপাঠন সাময়িক বন্ধ রাখা হয়। দুপক্ষই থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

Be the first to comment