রোজদিন ডেস্ক, কলকাতা:- গত রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়েছে। ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই মনোরম হয়েছে পরিবেশ। আবহাওয়া দফরের পূর্বাভাস, রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া, কি বলছে হওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক!
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে একেবারে সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে টানা চার দিন দফায় দফায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ২ থেকে ৪° পর্যন্ত কমে যেতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোনও কোনও জেলায়।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোতেও। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গে জেলাগুলির তাপমাত্রাও খানিকটা কমতে পারে।
অন্যদিকে, ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা তিন দিন শহর কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া থাকে। সকালের দিকে পরিষ্কার আকাশও থাকবে। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আরো বাড়বে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ; বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা।
কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮৯ শতাংশ।

Be the first to comment