রাতে বাইরে কেন ছাত্রী!! প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : দুর্গাপুরের মেডিকেল ছাত্রী রাতে বাইরে কেন বলে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষায়িতনেরও দায়িত্ব আছে বলে তিনি মন্তব্য করেন।
তাঁর এই বক্তব্যে বিস্মিত বিভিন্ন মহল। আদতে ওড়িশার বাসিন্দা দুর্গাপুরের মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় রাজ্যব্যাপী তোলপাড় উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোরও। গতকালই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সমাজমাধ্যমে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন।
এই নির্মম ঘটনা নিয়ে সর্বত্র আলোড়ন উঠলেও নীরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ আবার প্লাবিত উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে এই বিষয়ে মুখ খোলেন তিনি। জানান, এই বিষয়ে তিনি পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই পাশে তিনি প্রশ্ন তোলেন, রাতে ওই পড়ুয়া বেরিয়েছিল, এই নিয়ে ওই বেসরকারি কলেজেরও দায়িত্ব আছে।

নিজেদের পড়ুয়াদের দেখভাল করার দায়িত্ব তাদেরই। বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা যেখানে পড়তে আসেন, তাঁদের রাত্রিবেলা না বেরোতে তিনি অনুরোধ করেন। কারণ কে কখন বেরিয়ে যাচ্ছেন পুলিশ তা জানতে পারে না।
রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।
মুখ্যমন্ত্রীর মত একজন লড়াকু নেত্রী, যিনি বহু আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন, সেই অগ্নিকন্যা কিভাবে এই কথা বললেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গ ওড়িশাকেও এক হাত নিয়েছেন। রীতিমত কড়া সুরে বলেন, দুর্গাপুরের এই ঘটনা তাঁকে নয়, পুলিশকে বলুক। ওড়িশার সমুদ্র তীরে কয়েকদিন আগে তিনজনকে গণধর্ষণের ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি জানতে চান। দুর্গাপুরের ঘটনার তীব্র নিন্দা করে বলেন, তবে পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না!! যদি কেউ রাত সাড়ে বারোটায় বেরিয়ে যায়!!
তবে এই ঘটনায় জড়িতরা কঠোর শান্তি পাবে বলে সাফ জানিয়ে দেন তিনি। আরও দাবি করেন, তাঁরা জিরো টলারেন্স-এ বিশ্বাস করেন। কোন ঘটনা হলে তাঁরা গুরুত্ব দিয়ে তদন্ত করেন বলে জানান।
অন্য সূত্রের খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত সফিকুল শেখকে পুলিশ এখনও ধরতে পারে নি। তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।
ইতিমধ্যে অভয়া মঞ্চ সহ বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিরা ওখানে গেছেন। কংগ্রেসের মহিলা প্রতিনিধিরা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকালই মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রতিবাদ জানান। নির্যাতিতার পরিবার ও কলেজের ভুমিকায় ক্ষুব্ধ। ছাত্রীর হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা যায়। এলাকা জুড়ে এখন উদ্বেগ আতঙ্কের ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*