প্রতিবেদন: হিমঘরে অতিরিক্ত আলু মজুতের জেরে বাজারে দাম কমছে আলুর। এই অবস্থায় আলু চাষিদের স্বস্তি দিতে পরিবহণে ভরতুকির (subsidy for potato) ঘোষণা করল রাজ্য সরকার। কৃষি বিপণন দফতর জানিয়েছে, হিমঘরে মজুত আলু রেলের মাধ্যমে ভিনরাজ্যে পাঠালে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কুইন্টাল পিছু ১০০ টাকা করে ভরতুকি দেওয়া হবে। প্রাথমিক ভাবে সর্বোচ্চ ৩ লক্ষ টন আলু পরিবহণের জন্য এই ভরতুকি মিলবে। সরকারের দাবি, রাজ্যের চাহিদার তুলনায় হিমঘরে অনেক বেশি আলু মজুত থাকায় কৃষক স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন হিমঘরে প্রায় ৪০ লক্ষ টন আলু পড়ে আছে। ব্যবসায়ীদের আশঙ্কা, বর্তমান যে হারে আলু বেরচ্ছে তাতে আগামী তিন মাসে বাজারের চাহিদা ও বীজের প্রয়োজন মিটিয়েও প্রায় ১০ লক্ষ টন আলু বাড়তি থেকে যেতে পারে। আলু ব্যবসায়ী সমিতির কর্তারা বলছেন, জ্যোতি আলুর ৫০ কেজির বস্তার বন্ড এখন ১৫০ টাকারও কমে বিক্রি হচ্ছে। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ মিটিয়ে আলু বার করলে চাষিরা কিলো পিছু মাত্র ৭-৮ টাকা পাচ্ছেন, ফলে বড়সড় লোকসান হচ্ছে। আবার ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, পশ্চিমবঙ্গ থেকে অধিকাংশ আলু সড়ক পথে ভিনরাজ্যে যায়। তাই শুধু রেল নয়, সড়ক পথে আলু পাঠানোর ক্ষেত্রেও একই ভরতুকি চালু করা হলে তা আরও কার্যকর হত।

Be the first to comment