রোজদিন ডেস্ক : চলতি সপ্তাহের শেষেই প্রকাশিত হতে পারে রাজ্যের প্রথম অতিরিক্ত ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট। কমিশন সূত্রে মঙ্গলবার এমনই ইঙ্গিত মিলেছে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের প্রতিনিধিদের বৈঠকের পরেই এই সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান বিচারপতির তরফেই জানানো হবে। বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগে ‘বিবেচনাধীন’ ভোটারদের যাচাই ও অভিযোগ নিষ্পত্তির কাজ পুরোপুরি শেষ হবে কি না, সে বিষয়ে কমিশন স্পষ্ট করে কিছু জানায়নি।
কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সংশোধনের কাজ চলছে। কাজ এগোচ্ছে নিয়ম মেনেই। ট্রাইব্যুনাল গঠন নিয়েও আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি দু’এক দিনের মধ্যে ট্রাইব্যুনালের সদস্যদের নাম জানিয়ে দেবেন। সেই অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথ্যগত অসঙ্গতির বিষয়টি বিচারবিভাগীয় আধিকারিকেরা খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত ৭০৫ জন বিচারক বিবেচনাধীন তালিকার নামগুলি খতিয়ে দেখার দায়িত্বে রয়েছেন। ভোটের আগে ধাপে ধাপে একাধিক তালিকা প্রকাশিত হতে পারে। তার মধ্যে প্রথমটি চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা।

Be the first to comment