তৃণমূলের প্রার্থী তালিকায় রাজনৈতিক উত্তরাধিকারের হাতবদলের পাল্লা এবার বেশ ভারী

Spread the love

রোজদিন ডেস্ক : ঘোষিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। অধিকাংশ জল্পনা ও গুজবকে প্রায় উড়িয়ে দিয়ে এবারের তালিকা কার্যত চমকহীন। তৃণমূলের এতটা নিরামিষ তালিকা দেখতে অভ্যস্ত নয় রাজ্যবাসী। এবার অনেক নতুন মুখ এলেও পুরনোদের সংখ্যাই বেশি। কিছু কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে। তবে তার মধ্যে কয়েকটি কেন্দ্রে রাজনৈতিক উত্তরাধিকারে হাতবদল হয়েছে। যেমন এন্টালি কেন্দ্রে স্বর্ণকমল সাহার জায়গায় এসেছেন ছেলে সন্দীপন সাহা। প্রায় একই কথা বলা যায়, মানিকতলা নিয়েও। সাধন পাণ্ডের পর সুপ্তি পাণ্ডে হয়ে এবার ব্যাটন হাতে নিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। মহেশতলায় দুলাল দাসের জায়গায় এলেন তাঁর ছেলে শুভাশিস দাস। দুলাল দাসের মেয়ে রত্না চট্টোপাধ্যায় অবশ্য এবারেও প্রার্থী। তবে তার কেন্দ্র বদলে গিয়েছে। বেহালা পূর্ব থেকে তিনি এলেন বেহালা পশ্চিমে। বাবার পথ ধরে এবার ছেলেও এলেন সক্রিয় রাজনীতির আঙিনায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় এবার উত্তরপাড়ায় প্রার্থী। একই পথে হেঁটে পানিহাটির বর্ষীয়ান বিধায়ক নির্মল ঘোষও সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় এলেন পুত্র তীর্থঙ্কর ঘোষ। উপনির্বাচনে জিতে বাগদার বিধায়ক হয়েছিলেন ঠাকুরবাাড়ির সদস্যা মধুপর্ণা ঠাকুর। তিনি এবার প্রার্থী। মা মমতাবালা ঠাকুর সাংসদ। বাবা প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুর প্রাক্তন সাংসদ। তবে এবার স্বামী-স্ত্রী বেচারাম মান্না ও করবী মান্না দু’জনে ফের দুটি কেন্দ্রের টিকিট পেলেন। গতবারও তাঁরা দু’জন বিধায়ক ছিলেন। এবারও তাঁদের ওপরই ভরসা রাখল দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*