“হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারই সিদ্ধান্ত নেবেন”, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট

Spread the love

প্রতিবেদন: বিপুল অঙ্কের অবৈধ টাকা ঢুকেছে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই অভিযোগে প্রথমে রাজ্য পুলিশ ও পরে ইডি তৃণমূলের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে। দু’পক্ষের সওয়াল, জবাব শোনার পর শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, তারা আপাতত এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারই এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করবেন। উল্লেখ্য, এর আগে এই মামলায় তৃণমূলের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি দলের দৈনন্দিন অফিস খরচ, মাসিক ভাড়া, কর্মীদের বেতন, জল, বিদ্যুতের খরচ-সহ রুটিন সমস্ত খরচ করতে পারবে। এই খরচের ওপর নজরদারি চালানোর জন্য হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে। কিন্তু তারপরই ইডি ফের তৃণমূলের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয়। এর ফলে চরম বেকায়দায় পড়ে কালীঘাট তৃণমূল। দলের দৈনন্দিন খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। দলের কম বেশি ১৭টি অফিস, ২১৫ জন কর্মীর বেতন আটকে যায়। তাই অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যায়। কিন্তু এই নিয়ে কোনও অন্তর্বর্তী আদেশ দিল না শীর্ষ আদালত। ফলে দৈনন্দিন খরচ চালানোর সমস্যা মিটলেও দলের অ্যাকাউন্ট যে আপাতত খুলছে না তা পরিষ্কার। এদিকে, এই মামলায় আদসলত এদিন সাফ জানিয়ে দিয়েছে৷ দলের কর্তৃত্ব কাদের হাতে থাকবে, এই নিয়ে যে লড়াই চলছে, তাতে তারা কোনও ভাবেই ঢুকবে না। এটা নির্বাচন কমিশনের এক্তিয়ার বলে এড়িয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে কালীঘাট তৃণমূলের অস্বস্তি পুরোটা কাটছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*