সীমান্ত সুরক্ষা, দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেন৷ রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে তাঁদের কথা হয় বলে সূত্রের খবর। ক্ষমতায় এসেই বাংলাদেশ সহ সীমান্তের সুরক্ষায় বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রথম দফার জমি হস্তান্তর করেছে রাজ্য। অনুপ্রবেশকারী সন্দেহে কেউ ধরা পড়লে তাঁকে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার নিদান ও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিলিগুড়ির চিকেন নেকে ও৷ সাতটি সড়ক তুলে দেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। রাজ্য তথা দেশের সুরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় একাধিক দেশের সীমানা আছে।

আজ এই সব নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয় বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

গতকাল রাতে দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। আজ সকাল থেকে দিনভর নানা কর্মসূচি আছে তাঁর। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কথা।

বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা৷ রাজ্যের মন্ত্রিসভা নিয়ে তাঁদের কথা হতে পারে বলে সূত্রের খবর।

নতুন মন্ত্রিসভায় কারা আসবেন, তা নিয়ে দলের পক্ষে এখনও কিছু বলা হয়নি। তবে স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ ইতিমধ্যে শিক্ষা দফতরে গিয়ে কথা বলেছেন। দুই চিকিৎসক বিধায়ক শরদ্বত মুখার্জি, ইন্দ্রনীল খান বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন।

টলিউডে বৈঠক করেছেন রূপোলি জগতের প্রতিনিধি রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী প্রমুখ।

মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁরা এই সব জায়গায় গেছেন বলে খবর। নতুন মন্ত্রিসভায় তাঁরা থাকতে পারেন বলে চর্চা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*