রোজদিন ডেস্ক :
তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যায় ভাইপো গ্যাং জড়িত বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মন্তব্য করেন। নাম না করলেও তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি তাঁর নিশানায় বলে রাজনৈতিক মহল মনে করেন।

আজ নন্দীগ্রাম উপ নির্বাচনে দলের প্রার্থী হিসাবে চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথের নাম ঘোষণার পর তাঁকে নিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান মুখ্যমন্ত্রী। জানান, চন্দ্রনাথের হত্যার ঘটনার তিনি শেষ দেখে ছাড়বেন। ওঁকে হত্যার জন্য ২ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। এর সঙ্গে ভাইপো গ্যাং জড়িত। কয়েকজনের কল রেকর্ডে ডায়মন্ড হারবারের যোগ মিলেছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
বলেন, সিবিআই এর তদন্ত করছে। কে চন্দ্রনাথকে খুনের বরাত দিয়েছিল, সব কিছু সিবিআই খুঁজে বার করছে। বেশ কয়েকজন শার্প শ্যুটার কে গ্রেফতার ও করা হয়েছে। তাঁরা এর শেষ দেখে ছাড়বেন। চন্দ্রনাথের হত্যাকারীদের ফাঁসি হওয়া উচিত।
তিনি বিরোধী নেতা থাকাকালীন চন্দ্রনাথ তাঁকে সহায়তা করতেন বলেই তাঁকে হত্যা করা হোল বলে মুখ্যমন্ত্রী জানান।এই হত্যাকান্ডের তদন্তে সিবিআই অনেকটা এগিয়েছে।
উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামের কাছে বাড়ি ফেরার সময় খুব কাছে থেকে দুষ্কৃতিরা চন্দ্রনাথকে গুলিতে ঝাঁঝরা করে দেয়।
মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সুকান্ত মজুমদার, তাপস রায়, দেবজিৎ সরকার, কৌস্তুভ বাগচি, দেবাশিস ধর প্রমুখ বলেন, মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেছেন, তার নিশ্চয়ই কোন কারণ আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত ব্যক্ত করছেন ঋতব্রতপন্থী শিবিরের বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর কথা বলেছেন। চন্দ্রনাথ রথের হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করা হোক।
আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন, চন্দ্রনাথ রথের কোন ব্যক্তিগত শত্রু ছিল বলে তিনি মনে করেন না। এমন একজন প্রাণবন্ত যুবক কে যারা নৃশংস ভাবে হত্যা করেছে তিনি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
ঋতব্রত পন্থী শিবিরের নেতা আখরুজ্জামান মুখ্যমন্ত্রীর এই বক্তব্যর তীব্র প্রতিক্রিয়া জানান। বলেন, মুখ্যমন্ত্রীর আসনে থেকে এই ভাবে সরাসরি কাউকে দায়ী করা ঠিক না। আইনি ভাবেই এগিয়ে ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখ্য, নাম না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রকাশ্যে ভাইপো গ্যাং এর কাজ বলে মন্তব্য করেন, এতে তাঁর নিশানা কোন দিকে তা সহজেই বোধগম্য বলে রাজনৈতিক মহল মনে করেন।
চন্দ্রনাথ রথ খুনে এখন অবধি সাত জনকে সিবিআই গ্রেফতার করেছে। ভিন রাজ্যের একাধিক শার্প শ্যুটার ছাড়া কলকাতার দুই বিজেপি কর্মীও এর মধ্যে আছেন। তাঁরা তৃণমূল থেকে কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছেন। এই মর্মান্তিক হত্যার নেপথ্যে প্রকৃত কারণ কি তা এখন ও পরিস্কার নয়।

Be the first to comment