রোজদিন ডেস্ক : একাধিক বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে প্রস্তাব ঘিরে উত্তাল হল বিধানসভা। এইদিন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি এই প্রস্তাব পেশ করার সময় থেকেই সরগরম ছিল সভা। আলোচনা চলাকালীন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্য নিয়ে তুমুল হট্টগোল বাধে। শাসক ও বিরোধী বিজেপি দলের পারস্পরিক বচসা তুঙ্গে উঠলে অধ্যক্ষ বিমান ব্যানার্জি বিরোধী নেতাকে সাসপেন্ড করার নিদেশ দেন। যা নিয়ে উভয় পক্ষে গোলমাল চরমে ওঠে। শুভেন্দু অধিকারীকে সভা থেকে বার করে দিতে মার্সালকে ডাকা হয়। উত্তেজিত বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে তুমুল ধ্বনি দিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন। পরে বিরোধী নেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী কে অপসারণ-সহ বিভিন্ন দাবিতে বিধানসভার বাইরে উচ্চ স্বরে ধ্বনি দেন। গতকালই মেয়ো রোডে তাদের দলীয় মঞ্চ খোলা নিয়ে সেনা বাহিনী র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর পালটা তাকে সোসাল মিডিয়ায় ” দেশদ্রোহী ” তকমা দিয়ে তোপ দেগেছিলেন শুভেন্দু অধিকারী। এইদিন তার অভিযোগ, সেনার নামে জয় ধ্বনি দেওয়ায় তাকে সাসপেন্ড করা হয়েছে।
বিধানসভার বাইরে তারা ” মমতা হঠাও ” সহ নানা ধ্বনি দেন।
এইদিন ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও হেনস্থার প্রতিবাদে সভায় প্রস্তাব পেশ করে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি বিজেপি শাসিত দিল্লিতে শিশু কন্যাকে নিগ্রহর অভিযোগ করেন। বিজেপি বিধায়করা তাকে তীব্র কটাক্ষ করে, “আহারে ” ইত্যাদি বলতে থাকেন। সভায় প্রধানমন্ত্রী মোদির নামেও তুমুল জয়ধ্বনি দেন তারা। পাল্টা শাসক দলের পক্ষে ” জয় বাংলা” ধ্বনি দেওয়া হয়।

Be the first to comment