ঝাড়াই বাছাই করে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
নিবিড় ঝাড়াই বাছাই করে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এই সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি বলেন, এটা কোন দল বা ব্যক্তির টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, তাঁরা এই নীতিতে বিশ্বাস করেন।
প্রাক্তন সরকারকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই আমলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দশ লক্ষ পুরুষ পেতেন। সাতাশ লক্ষ জনের মধ্যে অনেক রকমের গলদ বেরিয়েছে। তাঁদের মধ্যে অনেকে মারা গেছেন, অনেকে ভারতীয় না, অনেকের নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় আছে ইত্যাদি। লক্ষ্মীর ভান্ডারে সর্বশেষ যে টাকা পাঠানো হয়েছিল, সেখানে দু কোটি মত উপভোক্তা ছিলেন।


নতুন সরকারের অন্নপূর্ণা যোজনায় এক কোটি ষাট লক্ষ আবেদন জমা পড়েছিল বলে মুখ্যমন্ত্রী জানান। এর মধ্যে ছাব্বিশ লক্ষ আবেদনপত্র বাতিল করা হয়েছে। এক কোটি ত্রিশ লক্ষের বেশি মহিলা যোগ্য বিবেচিত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি দশ লক্ষ জনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বাকিদের অ্যাকাউন্টেও টাকা চলে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান।


আগের আমলের লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ছিল এক পাতার, সহজ, নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার জন্য বারো পাতার ফর্ম পূরণ নিয়ে যে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন,বারো পাতার ফর্ম, সমালোচনা হয়েছে। আসলে চার পাতা ছাড়া পূরণ করার ছিল না। এই সব তথ্য সরকারি পোর্টালে আপলোড হয়েছে। এর মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের অন্য প্রকল্পগুলিতেও মহিলারা সুবিধা পাবেন।


মুখ্যমন্ত্রী দৃঢভাবে বলেন, একজন উপভোক্তাকেও তাঁরা বাদ দেবেন না। তাঁরা উপভোক্তা বলেন না, তাঁরা একে মহিলাদের অধিকার বলেন। তবে একমাত্র যোগ্যরাই এই টাকা পাবেন বলে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*