কাফ সিরাপ খেয়ে শিশুমৃত্যু, গ্রেফতার কোম্পানির মালিক

Spread the love

রোজদিন ডেস্ক : কাফ সিরাপ খেয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অবশেষে পুলিশের জালে ওষুধ নির্মাতা সংস্থার কর্ণধার। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সংস্থার মালিক এস রঙ্গনাথনকে চেন্নাই থেকে আটক করে মধ্যপ্রদেশ পুলিশ। জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে পুলিশ তাঁকে খুঁজছিল। তাঁর খোঁজ দিলে ২০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। অভিযোগ, তাঁর সংস্থা শ্রীসান ফার্মাসিউটিকালের তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়েই মধ্যপ্রদেশ ও রাজস্থানে ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। কোল্ডরিফ সিরাপ পরীক্ষা করে তার মধ্যে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ডায়াথিলিন গ্লাইকল মিলেছে। কেন কীভাবে এই রাসায়নিক সিরাপে এল, কার গাফিলতি ছিল, সে সবই তাঁকে জেরা করে জানতে চায় পুলিশ। সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। ২০ জন শিশুর মৃত্যু হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি বেশ কিছু শিশু। তাদের কিডনিতে সংক্রমণ হয়েছে। শিশু মৃত্যুর ঘটনা সামনে আসতেই তামিলনাড়ুতে সিরাপের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই পাওয়া যায় যে সিরাপে ডায়াথিলিন গ্লাইকল মেশানো। নির্দিষ্ট সীমার থেকে ৫০০ গুণ বেশি এই কেমিক্যালের উপস্থিতি পাওয়া গিয়েছে। ঘটনার পর কেন্দ্রের তরফে এক নির্দেশিকায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের ওষুধ তৈরির কাঁচামালের প্রতিটি ব্যাচ পরীক্ষা করতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*