টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

Spread the love

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। সেই উপলক্ষে রবিবার কলকাতার টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল ১৮ তম কঠিন চীবর দান উৎসব ও স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান। টালিগঞ্জ মুর অ্যাভিনিউ বৌদ্ধ সমিতির পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল থেকেই বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পবিত্র চীবর পরিক্রমা, বুদ্ধকীর্তন, বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল থাইল্যান্ডের ধর্মকায়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রতিনিধি দলের উপস্থিতি। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব বুদ্ধিস্টসের সভাপতি পরম শ্রদ্ধেয় ড. পিন্যাপং পর্ণচাই।

টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের সাধারণ সম্পাদক অরুনজ্যোতি ভিক্ষু কঠিন চীবর দানের ধর্মীয় তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, বৌদ্ধ ধর্মে কঠিন চীবর দান অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দান। বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। এই সময় তাঁরা সংযম, সাধনা ও ধর্মীয় অনুশীলনের মধ্যে নিজেদের নিয়োজিত রাখেন। বর্ষাবাস সম্পন্ন হওয়ার পর বৌদ্ধ ভিক্ষুদের গেরুয়া বস্ত্র বা চীবর দান করা হয়।

তিনি জানান, বৌদ্ধ ত্রিপিটকের বিনয় বিধি অনুসারে নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মেনে কঠিন চীবর প্রস্তুত ও দান করতে হয়। একটি বিহারে বছরে নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র একবারই কঠিন চীবর দান করা সম্ভব। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দানের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। এটি শুধু বস্ত্রদান নয়, বরং ধর্মীয় শ্রদ্ধা, ত্যাগ, সংযম ও পুণ্য অর্জনের এক বিশেষ উপলক্ষ।

তিনি বলেন, ভগবান বুদ্ধের মূল শিক্ষা হল মানুষের মধ্যে মৈত্রী, প্রেম, করুণা ও অহিংসার ভাবনা জাগিয়ে তোলা। সেই আদর্শকে সামনে রেখেই ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষার প্রসারে কাজ করে চলেছে বৌদ্ধ সমিতি। আগামী দিনেও এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*