রোজদিন ডেস্ক :
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে হয়েছে ১১। গতকাল দুপুর থেকে ধ্বংস স্তুপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে রাতভর কাজ করেছেন সেনা, পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রমুখ। আজও তা চলছে। এর ই মাঝে কলকাতার আকাশ অন্ধকার করে নামে তুমুল বৃষ্টি। এর ফলে তারাতলায় উদ্ধার কাজ ব্যাহত হলেও উদ্ধারকারীরা থামেননি। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দুর্গতদের উদ্ধারে।
আজ দুপুরে লোহার বিমের নীচে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছেন তাঁরা। দীর্ঘক্ষণ ওই ভাবে থাকলেও তাঁর আঘাত তুলনামূলক ভাবে গুরুতর নয় বলে প্রকাশ।
এসএসকেএমে আহত উনিশ জনের চিকিৎসা চলছে।
ধ্বংস্তুপের নীচে ঠিক কতজন চাপা পড়েছিলেন, এখনও কেউ আছেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে প্রকাশ, আসল তথ্য না থাকায় এখনও কতজন আটকে আছেন বোঝা যাচ্ছে না। ফলে ভিতরে প্রাণের স্পন্দনের খোঁজে উদ্ধারকারীরা অক্লান্ত ভাবে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Be the first to comment