রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলাদেশে ঢাকায় এক স্কুলে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। মর্মান্তিক এই দুর্ঘটনায়
মৃত এখনও পর্যন্ত ১৯ জন। জানা গেছে আহত হয়েছেন ৭০ জনেরও বেশি। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর, সোমবার দুপুর আনুমানিক ১:৩০ টা। রাজধানী ঢাকার উত্তরা এলাকায় একটি স্কুলে ক্লাস চলছিল। ছুটির পর বাচ্চাদের নেওয়ার জন্য স্কুল গেটে অপেক্ষা করছিলেন অভিভাবকরা। তখনই বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে দেয়। পরে জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিমানটি উত্তরার ওই স্কুলের উপর দিয়ে যাচ্ছিল। তখন দুর্ঘটনা। সেই সময় স্কুল চলছিল। ভিতরে অনেক ছাত্র-ছাত্রী ছিল। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুলের দোতলার কাছে বিমানটি ভেঙে পড়ে। তখন স্কুল ছুটি হয়েছে সবে। অনেকে ক্লাসরুম থেকে বেরোতে শুরু করেছে।

প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটি খুব নিচু দিয়ে উড়ছিল। ভারসাম্য হারিয়ে হঠাৎ নিচের দিকে নামতে শুরু করে। প্রথমে তা নারকেল গাছে ধাক্কা খায়। তারপর স্কুল ভবনে ভেঙে পড়ে। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ হয়। প্রথমে জানা যায়, এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। তবে পরে খবর মেলে, কমপক্ষে ১৯ জনের মারা গিয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৭০।
বাংলাদেশ প্রশাসনের তরফে জানা যায়, আহতদের পৃথক ৬ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই মর্মান্তিক ঘটনার জেরে বাংলাদেশে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। সেই দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন হবে দেশজুড়ে।

Be the first to comment