রোজদিন ডেস্ক : প্রকাশিত হল ২০২৩-এর প্রাথমিক TET-এর ফল। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর হয়েছিল পরীক্ষা। সেই ফল প্রকাশিত হল বুধবার। বিকেল পাঁচটা থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হয়েছে। সেখান থেকে ফলাফল দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুটোর পর পর্ষদের ওয়েবসাইটে ওএমআর শিট আপলোড করা হবে বলে জানা গিয়েছে। এ বছর মোট রেজিস্টার করেছিলেন ৩,০৯,০৫৪ জন। এঁদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ২,৭৩,১৪৭ জন। উত্তীর্ণ হয়েছেন ৬৭৫৪ জন। এক থেকে দশের মধ্যে রয়েছে ৬৪ জন। ফল প্রকাশের পর সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু লেখেন, প্রাথমিক শিক্ষকের যোগ্যতা-নির্ণায়ক টেট ২০২৩ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হল। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যাঁরা যোগ্যতা অর্জন করেছেন তাঁদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে। ওবিসি মামলার কারণেই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ সেই ফল প্রকাশিত হল। টেটের ফলপ্রকাশের পর খুব শীঘ্রই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলেই আশ্বাস দিয়েছে রাজ্য।

Be the first to comment