মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কাটল জট, রেড রোডেই হবে ঈদের নামাজ, জানালেন মন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রেড রোডে ঈদের নামাজ ঘিরে যে সংশয় তৈরি হয়েছিল অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কেটেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান।

এদিন মন্ত্রী বলেন, রেডরোডে ইদের নামাজকে কেন্দ্র করে এবারে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল। বিষয়টি জানতে পারার পরই আমরা সেনার কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে হস্তক্ষেপ করেছেন। সব সমস্যা মিটে গিয়েছে। পূর্বনির্ধারিত সূচি মেনে এবারেও নির্দিষ্ট দিনে সকাল সাড়ে আটটার সময় রেড রোডেই হবে ইদ-উল-আযহার নামাজ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, রেড রোডে কোনও জমায়েত করতে হলে সেনার অনুমতি প্রয়োজন। কিন্তু এবারে সেনার তরফে জমায়েতের অনুমতি বাতিল করা হয়। সেনার এক কর্তা চিঠি দিয়ে সেকথা জানিয়েও দেন নামাজের আয়োজক খিলাফত কমিটিকে। এরপরই এ ব্যাপারে গতকাল রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে হাজির ছিলেন সংগঠনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মুহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। ওই বৈঠক থেকেই রাজ্য সরকার এবং সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে সমস্যা সমাধানে উদ্যোগী হন। এবং এরপরই সমস্যার সমাধান হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*