রোজদিন ডেস্ক, কলকাতা:- সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘টেন্টেড’ বলে চিহ্নিত, তাঁরা স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
তবে রাজ্যের আবেদনের প্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য ‘যোগ্য’ শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্যের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, নির্দেশ ছিল এমনটাই। সেইমতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেখানে প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরেই নিয়োগে অনিয়মের জন্য এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে রাতারাতি চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর।

Be the first to comment