সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে যাওয়া মউলেকে টেনে নিয়ে গেল বাঘ

Spread the love

প্রতিবেদন: সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের পেটে মানুষ। জঙ্গলে নিয়মমাফিক মধু সংগ্রহ করতে যাওয়া এক মউলেকে টেনে নিয়ে গেল বাঘ। সুন্দরবনের কলসদ্বীপ সংলগ্ন জঙ্গলের ঘটনা। ঘটনার কথা জানতে পেরে বনকর্মীরা তার খোঁজ শুরু করেছেন। কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজ মউলের নাম ভানু ভক্তা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুরের বাসিন্দা ভানু। জানা গিয়েছে বন দফতরের থেকে বৈধ অনুমতিপত্র নিয়ে দু’দিন আগে তিন মহিলা-সহ ১২ জন মউলেদের ওই দলটি কলস দ্বীপ লাগোয়া জঙ্গলে গিয়েছিল। কলস দ্বীপের কাছে নৌকা থামিয়ে মধু সংগ্রহের জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করে তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৌচাকের খোঁজ করার সময় আচমকা ভানুর উপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। ভানুর ঘাড়ে কামড় বসিয়ে তাঁকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। বাকিরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেও পারেনি। গ্রামে ফিরে ভানুর সঙ্গীরা ঘটনার কথা জানান। তাদের থেকে ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। এখনও তল্লাশি চলছে। জানা গিয়েছে, প্রায় ১২ বছর আগে ভানুর স্ত্রী রুমকি ভক্তা জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের কামড়ে মারা যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*