রোজদিন ডেস্ক : তিনি ভারত-পাকিস্তান-সহ একাধিক যুদ্ধ বন্ধ করেছেন!! নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য বলে জোরদার সওয়ালও করেছিলেন। এহেন “শান্তিকামী ” (!) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবার পেন্টাগনকে নাইজেরিয়ায় সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, ওই দেশে খ্রিস্টানদের ওপর অত্যাচার, হিংসা চলছে। যারা এই ভয়াবহ নৃশংস কাজ করছে, সেই সশস্ত্র ইসলামিক সন্ত্রাসীদের সম্পুর্ণ নির্মুল করতে তিনি হুঁশিয়ারি দেন। নাইজেরিয়াকে সব রকমের সহায়তা বন্ধেরও তিনি হুমকি দিয়েছেন।
অন্যদিকে নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে। প্রশাসনের দাবি, প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকায় সংঘর্ষের ঘটনায় মুসলিমরাই বেশি নিহত হয়েছেন।
মার্কিন প্রশাসন তা মানতে নারাজ। দেশের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আরও এক ধাপ এগিয়ে ট্রাম্পের বক্তব্য সমর্থন করে জানান, নিরীহ খ্রিস্টানদের হত্যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তা নাইজেরিয়াই হোক, বা পৃথিবীর যে কোন স্থান। যুদ্ধ বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়ে দেন।

Be the first to comment