গণধর্ষণের পর গৃহবধূকে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। শনিবার রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। জানা গেছে, কাজের সূত্রে বাইরে থাকে স্বামী। সেই সুযোগে দীর্ঘদিন ধরেই দুই সন্তানের মা, ওই মহিলাকে উত্যক্ত করত গ্রামের ৫ ব্যক্তি। ঘটনার দিন রাতে নিজের বাড়িতেই ঘুমোচ্ছিলেন তিনি। বাইরে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে ওই ৫ জন। ঘুম থেকে উঠিয়েই পাশবিক অত্যাচার চালায় অভিযুক্তরা। তারপরে সাময়িক বিরতি দিয়ে বাইরে যায়। সেসময় এক আত্মীয়কে মোবাইলে ঘটনাটি জানান গৃহবধূ। অভিযুক্তদের পরিচয়ও জানান তখন। সেসময়ই আবার ফিরে আসে তারা। ঘর থেকে টানতে টানতে তাঁকে কাছেই একটি মন্দিরে নিয়ে যায়। সেখানেই গায়ে আগুন ধরিয়ে দেয়। তাঁর চিৎকার শুনেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ স্বামীর। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার ফোনকলের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। সেই সূত্র ধরেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ করে খুন, প্রমাণ লোপাটের চেষ্টা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে।

Be the first to comment