তোলা না পেয়ে ভাঙচুর ট্রাক? অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে ! ৪ জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাস্তায় দাঁড় করানো সারিবদ্ধভাবে ৩০ থেকে ৩৫টি ট্রাক। সব কটির কাঁচ ভাঙা । পাশাপাশি ট্রাকগুলির চাকার হাওয়া খোলা। এই দৃশ্য দেখা গিয়েছে বুধবার নিউ আলিপুরে ৷

চালকদের অভিযোগ, তোলার টাকা না-পেয়ে পুলিশই ট্রাকগুলিকে ভাঙচুর করেছে। আর এই অভিযোগ পাওয়ার পরই চারজন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় বলেন, “এই ঘটনায় আমরা আভ্যন্তরীণ তদন্ত করে প্রাথমিকভাবে চারজন সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছি । তাঁদের নাম বলতে চাই না । তদন্ত চলছে । এই ঘটনায় আর কার ভূমিকা ছিল, সেই বিষয়গুলিও আমরা ভালোভাবে খতিয়ে দেখছি ।”

চালকদের দাবি, দীর্ঘ ৪০ বছর ধরে ওই এলাকায় তাঁদের একাধিক গাড়ি রয়েছে ৷ এই নিয়ে পুলিশের কোনও রকম অসুবিধা থাকলে আগে জানাতে পারত ৷ তাহলে সেখান থেকে ট্রাক সরিয়ে অন্য জায়গায় রাখা হত ৷ কিন্তু ট্রাকগুলি ভাঙার প্রয়োজন হল কেন ? প্রশ্ন তুলছেন তাঁরা ৷ আর এই প্রশ্ন তুলেই ট্রাকচালকরা নিউ আলিপুর থানার দ্বারস্থ হন ৷ যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই ঘটনার তদন্ত করা হবে । তবে এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে ৷ এরপর বুধবার সকালে ট্রাকচালকদের নজরে আসে বিষয়টি ৷ তখন নিউ আলিপুরের ট্রাক ইউনিয়নের সদস্যরা রাস্তায় ট্রাক রেখে বিক্ষোভ দেখাতে থাকেন । পুলিশ এসে তাঁদের বিক্ষোভ তুলে নিতে বলে এবং তদন্তের আশ্বাস দেয় বলে জানা গিয়েছে । এরপরেই ট্রাকচালকরা বিক্ষোভ তুলে নেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*