স্কুলে সকালবেলার প্রার্থনা সভায় এখন থেকে নিয়ম করে পাঠ করতে হবে শ্রীমদ্ভগবদগীতার শ্লোক; নির্দেশ হরিয়ানা স্কুল শিক্ষা পর্ষদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– স্কুলে সকালবেলার প্রার্থনা সভায় এখন থেকে নিয়ম করে পাঠ করতে হবে শ্রীমদ্ভগবদগীতার শ্লোক। এমনই নির্দেশ দিল হরিয়ানা স্কুল শিক্ষা পর্ষদ (HSEB)। তবে সরকারি আধিকারিকদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই উদ্যোগ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং দর্শন ও শিক্ষা–মূল্যকে সামনে রেখেই করা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মনঃসংযোগের মতো গুণ বিকাশ করাই এর মূল উদ্দেশ্য।

এক বিজ্ঞপ্তিতে হরিয়ানা স্কুল শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পবন কুমার একথা জানিয়ে বলেন, গীতার জ্ঞান এবং শ্লোকপাঠ ছাত্রছাত্রীদের নৈতিক, মানসিক এবং সামগ্রিক বিকাশে সাহায্য করবে।

এদিন তিনি বলেন, “শিশুরা গীতার ভাব ও জ্ঞান থেকে শিখে নিজের জীবনে তা প্রয়োগ করুক—এটাই লক্ষ্য। এই জ্ঞান সমাজেরও উপকারে আসবে।” শ্রীমদ্ভগবদগীতার শ্লোকপাঠের নির্দেশ প্রসঙ্গে পবন কুমার বলেন, “আমরা চাই পরবর্তী প্রজন্ম এমন কিছু শিখুক, যা গোটা বিশ্বে উদাহরণ তৈরি করবে।”

তিনি আরোও বলেন, “আমাদের দেশের আধ্যাত্মিক জ্ঞান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, এবং এক সময় সারা পৃথিবী থেকেই মানুষ ভারতেই আসতেন সেই জ্ঞান নিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিশ্বগুরু’ ভাবনার সঙ্গেও এই উদ্যোগ সাযুজ্যপূর্ণ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*