ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় যশ। বেলা বাড়তেই বাড়ছে দাপটও। কলকাতার উপরে যশ-এর সেভাবে মারাত্মক প্রভাব না পড়লেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবার নামল সেনা। রাজ্যের ১০টি জেলায় উদ্ধারকাজের জন্য সেনা মোতায়েন করা হল। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়াতে মোট ১৭ কোম্পানি সেনা নামানো হয়েছে। পরিস্থিতি এতটাই বেহাল যে নৌকায় করে উদ্ধারকার্য চালাতে হচ্ছে।
গতকাল রাজ্য সরকারের তরফে দীঘায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধা সামরিক বাহিনী। অতিরিক্ত ১০টি দল-সহ রাজ্যে মোট ৪৫টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে।
গ্রামবাসীদের নদী থেকে দূরে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। জলমগ্ন হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। হাওয়ার দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে একাধিক জায়গা।
কলকাতায় তুলনামূলকভাবে যশ-এর প্রভাব অনেক কম পড়েছে। বিপর্যয় এড়ানোর জন্য কলকাতার মোট ৮টি উড়ালপুলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরও।

Be the first to comment