রমিত সরকার, নদীয়া:
নির্বাচনী উত্তাপে ক্রমশ তপ্ত হয়ে উঠছে নদীয়া জেলার নবদ্বীপ। সেই আবহেই বিজেপির প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর সমর্থনে এক বিশাল জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভাকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং কর্মী-সমর্থকদের ঢল।
নির্ধারিত সময়ে সভামঞ্চে পৌঁছাতেই যোগী আদিত্যনাথকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা বিজেপির দক্ষিণ সাংগঠনিকের সভানেত্রী অপর্ণা নন্দি সহ অন্যান্য নেতৃত্ব। ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এই সময় মঞ্চের সামনে উপস্থিত হাজারো কর্মী-সমর্থকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এরপর বক্তব্য রাখতে উঠে যোগী আদিত্যনাথ সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়েছে এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। দেশের সামগ্রিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজ্যেও বিজেপির সরকার প্রতিষ্ঠা জরুরি বলেই তিনি দাবি করেন।
সভা থেকে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর পক্ষে ভোট চেয়ে যোগী বলেন, নবদ্বীপের উন্নয়ন, নিরাপত্তা ও সামগ্রিক পরিকাঠামোর উন্নতির জন্য বিজেপিকে জয়ী করতে হবে। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে কটাক্ষ করে বলেন, “জয় শ্রীরাম ধ্বনি শুনলেই এত আপত্তি কেন, তা মানুষ বুঝে গিয়েছে।”

সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের স্লোগানে গোটা এলাকা বারবার মুখর হয়ে ওঠে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে এই জনসভা নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সবমিলিয়ে, যোগী আদিত্যনাথের এই সভা বিজেপির প্রচারে নতুন গতি এনেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Be the first to comment